প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২২:৪৩ পিএম
ঢাকার সাত রাস্তা মোড়ে অবস্থিত ভূমি ভবনে বুধবার সকালে গিয়ে নাগরিকদের সেবা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ঢাকার তেজগাঁওয়ের ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন।
ঢাকার সাত রাস্তা মোড়ে অবস্থিত এই ভবনে বুধবার সকালে গিয়ে নাগরিকদের সেবা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে সেবা প্রদানের প্রক্রিয়াটি খতিয়ে দেখেন। বিশেষ করে এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি এবং মৌজা ম্যাপ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন। সেবার মান নিয়ে সেবাগ্রহীতাদের কোনো অভিযোগ বা ভোগান্তি আছে কি না, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
উপস্থিত সেবা গ্রহীতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, “জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।
তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে তার একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।