মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৭:০৯ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো
ঢাকার ডেমরায় পড়াশোনার জন্য বাবার বকা খেয়ে অভিমান করে ওয়ালিদ হাসান চৌধুরী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ডেমরার মুসলিমনগর এলাকার বুধবার দুপুরে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়ালিদ ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায়। বর্তমানে তারা ডেমরার সানারপাড় মুসলিমনগর চৌধুরী ভিলার বাসিন্দা। নিহতের বাবা আবুল হাসান চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ২১ তারিখ থেকে ওয়ালিদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে কিছুটা জেদি প্রকৃতির ছিল। মাস দুয়েক আগে তাকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। কিন্তু পরীক্ষার সামনে পড়াশোনা বাদ দিয়ে সে সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াত। এ নিয়ে দুপুরে তাকে বকাঝকা করলে সে অভিমান করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
তিনি আরও জানান, দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ঝুলে আছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।