মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২০:৫৩ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার যাত্রাবাড়ীর সায়দাবাদ রেলগেট এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় তাসলিমা আক্তার শাহিনুর (৩৪) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনুর দক্ষিণ যাত্রাবাড়ীর ৭৩/১ নম্বর বাসার মো. জয়নাল মাদবরের মেয়ে। নিহতের স্বামী রশিদ বাপ্পি এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শাহিনুর পুরান ঢাকার বংশালের মাহুতটুলী এলাকায় তার বাবার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন। সায়দাবাদ রেলগেট এলাকায় অটোরিকশাটি উল্টো পথে যাওয়ার সময় তিশা পরিবহনের একটি দ্রুতগামী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে শাহিনুর গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।