প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৭:১৯ পিএম
ফাইল ফটো
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে বুধবার বিকাল ৫টায় এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডিএমপি।
এতে বলা হয়েছে, ২৬শে মার্চ সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না।
যেসব সড়কে এই নিয়ম প্রযোজ্য সেগুলো হলো বেগম রোকেয়াসরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীরউত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড), সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং ও জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং।
এসব সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে এবং বিভিন্ন পয়েন্টে ডাইভারশন কার্যকর করা হবে।
ওইদিন সকালে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া, বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজন করা হয়েছে, যার কারণে ওই এলাকাতেও যান চলাচলে প্রভাব পড়তে পারে।