প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৯:১৫ পিএম
ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়।
মিরপুর জাতীয় চিড়িয়াখানা, লালবাগ কেল্লা, রমনা পার্ক, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যান, হাতিরঝিলসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে রবিবার উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মিরপুর চিড়িয়াখানায় শিশুরা বাঘ, সিংহ, জিরাফ, হরিণ, ময়ূর ও জলহস্তীসহ বিভিন্ন প্রাণী দেখে আনন্দে মেতে উঠেছে। চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীর সংখ্যা প্রথম দিনের তুলনায় আরও বেশি; আজ দেড় লাখের বেশি মানুষ প্রবেশ করতে পারে।

লালবাগ কেল্লা ও ধানমন্ডি লেকে দর্শনার্থীরা প্রাচীন স্থাপনা, নৌকা ভ্রমণ ও সবুজ পরিবেশ উপভোগ করেছেন। রমনা পার্কের ছোট বোটগুলোতেও ভ্রমণ ও প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য মানুষের ঢল ছিল। হাতিরঝিল ওয়াকওয়ে এবং লেকপাড়েও পর্যটকরা উৎসবমুখর পরিবেশ উপভোগ করেছেন।
নগরবাসী বিনোদন কেন্দ্রগুলোর বাইরে পাড়া-মহল্লার ছোট পার্কগুলোতেও প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। ভ্রাম্যমাণ খাবারের স্টল এবং শিশুরা নাগরদোলায় মেতে ওঠায় শহরের বিভিন্ন চত্বর উচ্ছ্বাসে মুখরিত ছিল।