প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৭:৩৬ পিএম
সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজধানীর শেওড়াপাড়ায় সামাজিক উন্নয়নমূলক সংগঠন সম্ভাবনা ইনোভেশন হাবের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি এই উদ্বোধন উপলক্ষ্যে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্ভাবনার পৃষ্ঠপোষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান, সোনালী ব্যাংক এবং সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তোফাজ্জল আলী, নির্বাহী পরিচালক, স্ট্যান্ডার্ড গ্রুপ এবং পৃষ্ঠপোষক, সম্ভাবনা। সভাপতিত্ব করেন সম্ভাবনার প্রতিষ্ঠাতা আরেফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সম্ভাবনার সহ-প্রতিষ্ঠাতা মুশফিকা জান্নাত নিশাত।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অতিথিরা ইফতার করেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পুষ্পকলি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি এই শিক্ষার্থীরা বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠান ও সমাজের জন্য গৌরব বয়ে আনে।
সম্ভাবনা ইনোভেশন হাবের মাধ্যমে তরুণদের জন্য মৌলিক কম্পিউটার শিক্ষা, ডিজিটাল বিপণন, নকশা নির্মাণ, অনলাইন স্বাধীন পেশা এবং প্রযুক্তি পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
প্রধান অতিথি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সম্ভাবনা ইনোভেশন হাব তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি মোহাম্মদ তোফাজ্জল আলী বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের সঙ্গে নিয়ে এই উদ্যোগ শুরু করা অত্যন্ত প্রশংসনীয়। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে আমাদের তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করতে সক্ষম।
সভাপতির বক্তব্যে আরেফুল ইসলাম বলেন, সম্ভাবনার লক্ষ্য সবসময়ই ছিল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এই ইনোভেশন হাবের মাধ্যমে আমরা তরুণদের শুধু প্রশিক্ষণই নয়, তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করতে চাই।
সহ-প্রতিষ্ঠাতা মুশফিকা জান্নাত নিশাত বলেন, এই উদ্যোগ আমাদের দীর্ঘদিনের স্বপ্নের প্রতিফলন। আমরা চাই, আমাদের তরুণরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হোক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সম্ভাবনার সহ-প্রতিষ্ঠাতা আল আমিন হোসেন, আরেফিন মাহাদি প্রমুখ। স্বেচ্ছাসেবী সমন্বয়ক রবিউল ইসলাম রাহাতের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষীসহ শতাধিক শিশু উপস্থিত ছিলেন।