বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ২১:১৯ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬ ২২:০১ পিএম
নিহত জাবি শিক্ষার্থী শারমিন জাহান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাভারের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে রবিবার তাকে উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে ‘হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে।
নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। শারমিনের স্থায়ী বাড়ি চাঁদপুরের কচুয়ায়। তিনি স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ইসলামনগরের ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
শারমিনের স্বামী ফাহিম আল হাসানের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান যে প্রধান দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে ভেতরে প্রবেশ করে মেঝেতে শারমিনের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি একটি ‘মার্ডার কেস’ (হত্যাকাণ্ড) বলে প্রতীয়মান হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে”।
খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
প্রক্টর বলেন, “আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং যথাসম্ভব সহযোগীতা করছি। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি এর প্রপার ইনভেস্টিগেশন করার”।