ঢাকার আশুলিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আজই আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি রুবেল হাওলাদার জানান, মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে গত ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।