প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ২১:০৭ পিএম
দেশের তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বুধবার (১১ মার্চ) রাজধানীর এক হোটেলে ইফতারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসিস ইফতার মাহফিলের আহ্ববায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি, সহ-আহ্ববায়ক ফেরদোস আলমসহ বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বেসিস সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা, তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানে আইসিটি খাতের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তথ্যপ্রযুক্তি খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এই খাতের উন্নয়নে বেসিসের মতো সংগঠনের পাশে থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে আইসিটি শিল্প ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিশাল তরুণ কর্মশক্তির সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ সুপ্রস্তুত এবং এ লক্ষ্যে লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বেসিস-এর সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সেবার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বেসিস দেশের আইসিটি শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সরকার একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “বাংলাদেশের আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেসিস নিরলসভাবে কাজ করছে। টেকসই উন্নয়নের জন্য শিল্পখাতের সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজন শুধু পারস্পরিক নেটওয়ার্কিং জোরদার করেনি, বরং আমাদের সদস্যদের জন্য নতুন সহযোগিতা ও ব্যবসায়িক সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।”
তিনি বলেন, “বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবার বৈশ্বিক চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বেসিস দেশের ডিজিটাল খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”
বেসিস ইফতার মাহফিলের আহ্বায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য সকল সম্মানিত অতিথি ও তথ্যপ্রযুক্তি শিল্পের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পবিত্র মাহে রমজানের এই মিলনমেলা আমাদের আইসিটি শিল্পের অংশীজনদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের সদস্যদের উপস্থিতি এই আয়োজনকে আরও অর্থবহ করেছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিল্পখাতের ঐক্যকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের আইসিটি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”