প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বৃহস্পতিবার ঢাকার ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। ছবি: বাসস
রমজান উপলক্ষ্যে ঢাকার ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে প্রথম রোজায় ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবেই বৃহস্পতিবার প্রথম রোজায় তারা ইফতার মাহফিলে যোগ দেন।
ঢাকার পশ্চিম ভাসানটেক থানাধীন ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে ব্যারিস্টার জাইমা রহমান এতিম শিশুদের কাছে যান এবং তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। শিশুরা তাদের বিভিন্ন কথা ও প্রশ্নের মাধ্যমে জাইমা রহমানের সঙ্গে প্রাণবন্ত সময় কাটায়। পরে তিনি অনুষ্ঠানে উপস্থিত নারীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান শিশু ও স্থানীয় নারীদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন।
সংশ্লিষ্টরা জানান, পুরো রমজান মাস জুড়ে ওই এলাকার ১৪টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী এবং অসহায় মানুষদের জন্য সেহরি ও ইফতারের এই ধারা অব্যাহত থাকবে।