মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২ পিএম
ফাইল ফটো
ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন বারিধারা ডিওএইচএস এলাকায় একটি বাসার তৃতীয় তলায় কাজ করার সময় উপর থেকে পড়ে মোহাম্মদ হান্নান (৩০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অবস্থায় সোমবার দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের সহকর্মী মো. রুবেল জানান, তারা বারিধারা ডিওএইচএসের একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত হান্নান নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হান্নানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়খালী গ্রামে। তিনি শাহাদত হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীতেই থাকতেন এবং এসি মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন তার সহকর্মী রুবেল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে”।