মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১০:৫৭ এএম
মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে রোগীর স্বজনদের মারধর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের নাজমা বেগম নামের এক রোগী মৃত্যুর ঘটনায় স্বজনরা চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে।
পরে হাসপাতালের জরুরী বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা।
মেডিসিন বিভাগে বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে র্যাব-পুলিশ মোতায়েন করা হয়।
ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগী মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা.তৌহিদ, ডা. রাহাত, ডা.বাপ্পি ও ডা. নাঈমকে দিল ঘুসি মারে।পরে তাদেরকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে সেনাবাহিনী পুলিশ ও র্যাব আসে।
তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত এই গেট খোলা হবে না বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক বলেন, “রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এদের মধ্য দুইজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র্যাব ও পুলিশ মোতায়েন করা রয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা গেট বন্ধ করে রেখেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে এই বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।