প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৮:২৫ পিএম
ঢাকার কয়েকটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানীর কয়েকটি এলাকায় শুক্রবার ১০ ঘন্টার জন্য সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা সিজিএস হতে তেজগাঁও টিবিএস গামী পাইপলাইনের প্রায় পাঁচশ ৮০ ফুট উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য ২ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট দশ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে।
পুনর্বাসন কাজের জন্য এদিন ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ থাকবে।