প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম
গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : ফায়ার সার্ভিস
ঢাকার গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ভবনটিতে শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পাঁচ মিনিটের মাথায় ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে (গুদাম) আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে ধাপে ধাপে আরও ৩টি ইউনিট সেখানে যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।