প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২২:০৪ পিএম
মোহাম্মদপুরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল, ককটেল উদ্ধার। ছবি: সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই মিছিলে হাতেগোনা কয়েকজন অংশ নেন।
পুলিশ জানায়, সকালে আকস্মিকভাবে কয়েকজন একটি ব্যানার নিয়ে মিছিল বের করেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘সকাল ৭টার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
এদিকে, দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুরের বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানান, বাবর রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করেছে।