প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২০:০৯ পিএম
দেশের শ্রমবাজারে ১৫-২৯ বছর বয়সী যুবদের অংশগ্রহণের হার ৩৬ শতাংশ। এ বয়সের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ২ কোটি ৬৮ লাখেরও বেশি। তাই ভবিষ্যৎ সুযোগ সৃষ্টি ও উদ্ভাবনে যুবকদের ভূমিকা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বক্তারা।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সেভ দ্য চিল্ড্রেন আয়োজিত জাতীয় পর্যায়ে যুব-নেতৃত্বাধীন ইনোভেশন ল্যাব (ওয়াইআইএল) অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
আয়োজকরা জানান, দেশের যুব উদ্ভাবকদের উদ্ভাবনী সমাধানকে আরও এগিয়ে নিতে ৬ মাসব্যাপি চলমান ধারাবাহিক সহায়তার এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
চার বিভাগের ১৪ জেলার নির্বাচিত যুব উদ্ভাবকরা সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে তাদের নিজ নিজ ব্যবসায়িক উদ্ভাবন উপস্থাপন করেন। গত ৫ বছরে ওয়াইআইএলের সহায়তায় ২৪টি ব্যবসায়িক উদ্যোগ কাজ করে যাচ্ছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করেছে। ২০২৩ সাল থেকে পরিবেশবান্ধব ও সবুজ উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে টেকসই ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করা হচ্ছে।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, তরুণরাই আগামী দিনের ভাবনাচিন্তা করবে, উদ্ভাবন করবে এবং ব্যবসাকে প্রসারিত করবে। আমাদের দাতা সংস্থাগুলোর সহযোগিতায় এসব তরুণ উদ্ভাবকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকের প্রজন্ম সামাজিকভাবে সচেতন এবং পরিবেশবান্ধব উদ্ভাবনের প্রতি আগ্রহী। তাদের এই উদ্যোগ পরিণত হতে পারে সফল ব্যবসায়, যা তাদের ক্ষমতায়ন নিশ্চিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি বলেন, আমি আশাবাদী যে যুবরাই নেতৃত্ব দেবে, গত ৩ দিনে আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি, এটাই কেবল শুরু। আমি নিজেই এর প্রমাণ যে, সফলতা সম্ভব, উদ্ভাবন ও কাজের উন্নয়নে মান ধরে রাখতে হবে।