প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে অবিলম্বে ওএসডি করার দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) ঢাকার সাধারণ নাগরিক, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কাছে একটি স্বারকলিপি পাঠান।
স্বারকলিপিতে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ওই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন, প্রভাব খাটানো ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে এসেছে।
বক্তারা বলেন, এসব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি তাকে কক্সবাজারে গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন জনমনে তীব্র প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি করেছে। দেশের অন্যতম স্পর্শকাতর এলাকায় এমন বিতর্কিত কর্মকর্তার দায়িত্ব দেওয়া প্রশাসনিক নৈতিকতার সঙ্গে অসঙ্গত এবং জনস্বার্থবিরোধী বলে দাবি করেন তারা।
মানববন্ধনকারীরা তিনটি দাবি উপস্থাপন করেন—সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবিলম্বে ওএসডি ঘোষণা করা; স্বতন্ত্র উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত; প্রশাসনে পোস্টিং ও পদোন্নতিতে যোগ্যতা, স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করা এবং কথিত দুর্নীতির নেটওয়ার্ক থাকলে তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো স্থান নেই। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নাগরিক সমাজ মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও বিক্ষোভসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।