প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২৩:০০ পিএম
প্রবা ফটো
রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন ঘটনাস্থল থেকে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নাশকতা কি না নিশ্চিত হতে পারিনি। তবে তদন্ত করে দেখছি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারব।’