প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা যায়।
বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে ছাই হয়ে যায়।
বাসের চালক আব্দুস সাত্তার বলেন, “বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার জন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল।
“তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতেও আঘাত পাই।”
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের একটি ইউনিট গিয়ে মাত্র দশ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা হতাহতের কোন খবর পাইনি।”
বাসের মালিক মো. সোহেল বলেন, “আমার উপার্জনের একমাত্র সম্বল ছিল এই বাসটি। যে বা যারা আমার এই ক্ষতি করল আমি তাদের বিচার চাই।”
এ বিষয়ে কথা বলতে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।