প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত।
জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েডের টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৮ অক্টোবর) গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী এ তথ্য জানান।
তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টিকাদান কর্মসূচি চালাবে ডিএনসিসি। এ সময় করপোরেশনের ১০টি অঞ্চলে মোট ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু এই টিকা পাবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এই টিকা বিনামূল্যে দেওয়া হবে।
মাহমুদা আলী বলেন, যেসব শিশুর জন্মনিবন্ধন নেই, তাদের অভিভাবকরা সরাসরি নির্ধারিত টিকাকেন্দ্রে গিয়ে তথ্য দিলে ডিএনসিসির কর্মীরা নিজ দায়িত্বে টিকা কার্ড তৈরি করে দেবেন। এরপর তারা টিকা নিতে পারবে।
তিনি আরও বলেন, জন্মনিবন্ধন নম্বর দিয়ে টিকা নেওয়া শিশুদের হলুদ রঙের সার্টিফিকেট দেওয়া হবে। জন্মনিবন্ধন ছাড়া টিকা নেওয়া শিশুদের সবুজ রঙের সার্টিফিকেট প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। তিনি জানান, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (শুক্রবার ও সরকারি ছুটি বাদে) ১০ দিন টিকা দেওয়া হবে। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ১৮ দিন টিকা দেওয়া হবে। ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রেও টিকা কার্যক্রম চলবে।
প্রতিটি টিমে থাকবেন দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক, এবং টিকাদান কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।