প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম
বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে প্রত্যাহার করা হচ্ছে। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তাকে অন্যত্র সরিয়ে দেয়া সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছে।
তবে এ পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে প্রধান উপদেষ্টা জাতিসংঘ থেকে দেশে ফেরার পর নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মোখলেসুর রহমান বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাবার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয়। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তারা একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন হওয়ায় বঞ্চিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন।