প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫০ পিএম
‘তুলিতে আঁকা সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষত চিহ্ন’- প্রতিপাদ্য নিয়ে সুবিধাবঞ্চিত পথশিশুদের প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্মে অবস্থিত ‘স্কুল আন্ডার দ্যা স্কাই’ প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সাম্প্রতিক পর্যালোচনায় দেখা যায় যে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে ১৯৩৩টি শিশুর মৃত্যু, ২৭৪৪টি ধর্ষণ এবং ২১৫৯টি শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। সম্প্রতি একজন সুবিধাবঞ্চিত কন্যাশিশুর প্রতি ঘটে যাওয়া নির্যাতনের প্রতিবাদে লিডো এই প্রদর্শনীর আয়োজন করে। এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো পথশিশুদের নিরাপত্তা জোরদার করা এবং সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের শুরুতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ‘স্কুল আন্ডার দ্যা স্কাই’ এর সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতন সম্পর্কে সচেতনতা নিয়ে কাজ করা হয়।পরবর্তীতে স্কুলের শিশুরা চিত্রাঙ্কনের মাধ্যমে শারীরিক ও মানসিক সহিংসতার প্রতি তাদের মনোভাব ফুটিয়ে তোলেন। এই প্রদর্শনীটি উদ্বোধন করেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন।
তিনি বলেন, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক শিশু রাস্তায় বসবাস করে যা অত্যন্ত অমানবিক ।রাস্তায় যারা বসবাস করে যেকোনো মানুষ চাইলেই তাদের নির্যাতন করতে পারে, যা আরও অমানবিক। আমি রাষ্ট্র ও প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন এই শিশুগুলোকে নিরাপত্তা দেয়। আমরা মনে করি একটি শিশুর রাস্তায় থাকা উচিৎ না। প্রতিটি শিশুর আগামীর সুন্দর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এটি আমাদের সাংবিধানিক অধিকার।
চিত্র প্রদর্শনীর আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের এই আয়োজন ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না বাংলাদেশে শিশু নির্যাতন বন্ধ হয়। আজকে উপস্থিত কমিউনিটি মেম্বারদের কাছে অনুরোধ থাকবে, সুবিধাবঞ্চিত শিশুদের রক্ষা করার জন্য আমাদের পাশে থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্যারালিগ্যাল প্রতিনিধি হোসনেয়ারা মনি বলেন, লিডোর আজকের আয়োজনের মাধ্যমে পথ শিশুদের প্রতিভা ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে প্রথম শিশুদের উপরে যে সব সহিংসতা চালানো হয় সেই সব বিষয় তুলে ধরা হয়েছে। সুবিবঞ্চিত শিশুরা তাদের আর্টের মাধ্যমে তাদের উপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের কথা তুলে ধরেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডোর কার্যনির্বাহী সদস্য তুষার আহমেদ ইমরান, অর্থ ও প্রশাসন পরিচালক মুরশিদা আক্তার কান্তা, নারী ও শিশু ডেস্ক কর্মকর্তা হালিমা আক্তারসহ বাংলাদেশ রেলওয়ে পুলিশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের প্যারা লিগ্যাল প্রতিনিধিগণ ও গণমাধ্যম কর্মীরা।