প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫ ২১:০৮ পিএম
বিআরটিসির সেবার মান নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি বলেন, কিছুদিন আগে রেলওয়ে কর্মচারীরা যখন ধর্মঘট করল, তখন বিআরটিসি রেলস্টেশন থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে।
শনিবার (১৭ মে) বিকালে তেজগাঁওয়ে মাল্টিপারপাস হলরুমে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২৫ এর আওতায় সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বিআরটিসি কর্তৃক এই গণশুনানির আয়োজন করা হয়।
তিনি জানান, বিআরটিসি একটি সরকারি প্রতিষ্ঠান। সংস্থাটি নিজস্ব আয়ে পরিচালিত হয়ে থাকে।
বিআরটিসির মহিলা বাস সার্ভিস সেবা আরও সম্প্রসারণ করা যায় কিনা, এমন প্রশ্নের জবাবে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. অনুপম সাহা বলেন, চাহিদা থাকলে মহিলা বাস সার্ভিসের সেবা আমরা আরও সম্প্রসারণ করব।
যাত্রী পরিবহন সেবায় সময় ক্ষেপণের বিষয়ে তিনি বলেন, আমাদের যাত্রীসেবাও দিতে হয় আবার রাজস্বও আয় করতে হয়। সময় ক্ষেপণ না করে যাত্রীসেবার মান উন্নয়নে বিআরটিসির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. অনুপম সাহা ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসীন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) জনাব মো. শামসুল আলমসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিসির অংশীজনরা।