প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ০০:৫৪ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫ ১৩:১৯ পিএম
আহত মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন। এ ঘটনায় চালক সোহেলকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে আহত ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন।
আহত মেহেদী হাসান ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন ট্রাফিক সার্জেন্ট রেজাউল।
ট্রাফিক সার্জেন্ট রেজাউল বলেন, শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন মেহেদী। এ সময় মিরপুরগামী দুটি বাসকে স্বাভাবিকভাবে চলার কথা বলেন মেহেদী। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস দায়িত্ব পালনরত মেহেদীকে ধাক্কা দিয়ে চলে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক্স-রে করে দেখা গেছে, ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। এখন তিনি চিকিৎসাধীন আছেন।
মেহেদীকে ধাক্কা দেওয়া বিকল্প পরিবহনের বাসটি মিরপুর থেকে (ঢাকা মেট্রো ব ১১-৯৭৬৬) জব্দ এবং চালক সোহেলকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ট্রাফিক সার্জেন্ট রেজাউল।