প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতের এ ঘটনায় চারজনকে আটক করার কথা জানিয়েছে সেনাবাহিনী।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, রাত ৩টার দিকে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে রাজা নামের একজন মারা গেছে।
এই যুবক মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপের সদস্য। বৃহস্পতিবার বুনিয়া সোহেলকে সিলেটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে র্যাব।
ওসি ইফতেখার বলেন, ‘বুনিয়া সোহেল গ্রেপ্তার হওয়ার পর তার প্রতিপক্ষ চুয়া সেলিম পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে বুনিয়া সোহেলের লোকজন তাতে বাধা দেয়। এতেই মধ্যরাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
সংঘর্ষকালে দু্ই ক্ষই গুলি-বোমা ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করে জানিয়ে তিনি বলেন, এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই রাজা মারা যান।
পুলিশ কর্মকর্তা ইফতেখার বলেন, ওই ক্যাম্পে পুলিশ নিয়মিত টহল দিয়ে আসছে। গন্ডগোলের খবর শুনে বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। আমরা বের হয়ে আসার পরই রাত ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর ও বছিলা সেনা ক্যাম্প জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় সেনা সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিভিন্ন দিকে পালাতে থাকেন।
এসময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০টি ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়। এই চারজনের মধ্যে দুইজন চুয়া সেলিম, বাকি দুজন পিচ্চি রাজা গ্রুপের সদস্য। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের সংঘাতে যুক্ত হয় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র। গত তিন মাসে সেখানকার সংঘাতে রাজাসহ অন্তত পাঁচজন প্রাণ গেছে।