প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১২:৩০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১২:৫৪ পিএম
হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির অংশ হিসেবে যাত্রা করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাইকোর্ট অভিমুখে যাচ্ছেন তারা।
তবে আগে থেকেই হাইকোর্ট গেটসহ আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেটে এসে পৌঁছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এর আগে আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টে এ কর্মসূচির ডাক দেন তারা।
পোস্টে তারা লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’
কমেন্ট সেকশনে হাসনাত লিখেছেন, ‘যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?’
কমেন্ট সেকশনে সারজিস আলম লিখেছেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে এগোতে পারে না, পারবে না ৷’
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আবদুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তারা এ মিছিল করেন।
ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন ৫০ থেকে ৬০ আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তারা মিছিল করতে থাকেন। এরপর আবদুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল করেন তারা। এ সময় মিছিল থেকে নানা স্লোগান দেন আইনজীবীরা।
সিএমএম আদালতপ্রাঙ্গণে আইনজীবীরা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।