প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ২০:৩৪ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ২০:৪১ পিএম
মেরাদিয়ায় অবৈধভাবে হাট বসিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি নিয়ে প্রতিদিনের বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়ায় অবৈধভাবে হাট বসিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ ছিল। দীর্ঘ দিন ধরে প্রতিবাদ ও বাজারটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন এই বাজারের কারণে চরম দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। অবশেষে বন্ধ হলো এই অবৈধ হাট-বাণিজ্য।
গেল মাসে এই হাট না বসানোর জন্য আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে প্রশাসনের তদারকিতে গেল সাপ্তাহিক হাট বসেনি।
এ বিষয়ে বনশ্রী সমমনা পরিষদের সভাপতি মো. শাবুদ্দিন শিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বনশ্রী আবাসিক এলাকার মেরাদিয়া হাট উঠিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনকে লিগ্যাল নোটিশ দেই। পরবর্তীতে সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করি এবং গত ৫ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্ট বনশ্রী আবাসিক এলাকার অভ্যন্তরে প্রতি বুধবার মেরাদিয়া হাট না বসানোর জন্য নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দক্ষিণ সিটি করপোরেশন, পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে এ ব্যাপারে সময় বেঁধে দেওয়া হয়; যা গত ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।

আদালতের আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের তদারকিতে গত বুধবার সাপ্তাহিক হাট বসেনি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।