প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ০০:০৪ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১১:৪৪ এএম
রাজধানীর হাতিরঝিলে অপহৃত মাকসুদ পারভেজকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবরবাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবরবাড়ি রোডে মাকসুদ পারভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটকে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মাকসুদকে উদ্ধার করে।
বুধবার অপহরণকারীরা মাকসুদের কাছে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেওয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। তিনি দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেন। দুপুরে উলন মাতবরবাড়ি রোডে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।