প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ০০:২৫ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১১:৩৮ এএম
‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে ধরে সেনাক্যাম্পে নিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর আবার ফিরিয়ে দেওয়ার কারণ জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, চাঁদাবাজির অভিযোগ থাকায় শ্যামলকে সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফের বাসায় পৌঁছে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় রাজধানীর শাহীনবাগ থেকে সোমবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ৪টা ৪০ মিনিটে নিজ বাসায় দিয়ে আসা হয়। পূর্ববর্তী তথ্যানুযায়ী, শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং যার প্রেক্ষিতে তিনি কারাভোগ করেছিলেন। এ ছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়। শ্যামলের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এতে আরও বলা হয়, শ্যামল ‘মায়ের ডাক’ নামক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলির বড় ভাই হওয়ায় বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ প্রচারিত হয়েছে। এ ক্ষেত্রে তার পারিবারিক পরিচয়কে প্রাধান্য দিয়ে সমাজমাধ্যমে এ ধরনের অপপ্রচার অনাকাঙ্ক্ষিত। এ ছাড়া তার সঙ্গে সেনাবাহিনীর অসৌজন্যমূলক আচরণের দাবিও ভিত্তিহীন। এ প্রেক্ষিতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।