প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম
হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বৃহত্তর উত্তরা এলাকাবাসী নামের একটি সংগঠন।সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিমানবন্দর পুলিশ বক্সের সামনে আয়োজিত মানববন্ধনে কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করে এ দাবি জানায়। তবে এখানে কোনো রাজনৈতিক দলের নেতাকে দেখা যায়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তার সরকার এই বিমানবন্দরের নাম রাখে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তবে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসায় এই বিমানবন্দরের নাম পরিবর্তন করে। তারা জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তার নাম মুছে ফেলার চেষ্টা করেছে। দেশের জনগণের হৃদয় থেকে তার নাম তারা মুছতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেলেও তাদের অপকর্ম রয়ে গেছে।
তারা আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে, দেশের ইতিহাস বিকৃতি করতে গিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রের অনেক ক্ষতি করেছে। এই বিমানবন্দরের নাম পরিবর্তন তাদের নির্বাচনী এজেন্ডায় ছিল না। জনগণের দাবিও ছিল না। তারপরও তারা এটা করেছে। একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গণের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের নামেই বিমান বন্দরের নাম ফিরিয়ে আনতে হবে।
‘সর্বস্তরের জনগণের’ ব্যানারের আয়োজনে মানববন্ধনে কর্মসূচিতে আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণিপেশা ও মত-পথের মানুষ যোগ দেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উত্তরার বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিটের ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।