প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১১:৪০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪ ১১:৫৫ এএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) আয়োজনে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো ‘গ্রিন রেসপন্স অলিম্পিয়াড-২০২৪’। রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তর ও ১০টি ইউনিট-এ মোট ১১টি ইউনিট অলিম্পিয়াডে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। সেখান থেকে পুরস্কৃত করা হয় সেরা তিনটি ইউনিটকে। পরিবেশ বাঁচাতে সৃজনশীল সমাধান খুঁজে বের করায় চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ ইউনিট। প্রথম রানার্সআপ হয় জাতীয় সদর দপ্তর দল আর দ্বিতীয় রানার্সআপ দিনাজপুর ইউনিট।
বুধবার (২৬ জুন) প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব পরিবেশের ক্ষতি রোধ করা। আমি আশাবাদী, এ অলিম্পিয়াড থেকে এমন কিছু সৃজনশীল এবং কার্যকর সমাধান বেরিয়ে আসবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী, সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল এবং কোষাধ্যক্ষ এম এ ছালাম। মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী পরিবেশের ক্ষতি রোধ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট আরও সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অলিম্পিয়াডে অংশ নিতে প্রাথমিক পর্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর শাখা ও ৬৮টি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা পরিবেশ সুরক্ষার সমাধান খুঁজতে বিভিন্ন সময়োপযোগী উদ্ভাবনী ধারণা প্রস্তাব করেন। প্রস্তাবিত এসব ধারণার মধ্য থেকে জাতীয় সদর দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম জেলা, দিনাজপুর, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, লালমনিরহাট, নরসিংদী, রাজশাহী সিটি ও ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট চূড়ান্ত প্রতিযোগী হিসেবে অংশ নেয়। এসব ইউনিটের প্রতিযোগীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী ধারণা বিচারকদের সামনে প্রদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশন বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম, আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. ফাতেমা আক্তার এবং আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেখ মোহাম্মদ মেহেদী আহসান বিচারকের দায়িত্বে থেকে সেরা তিনটি ইউনিটকে বিজয়ী করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও পরিচালক ইমাম জাফর সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুন্সি কামরুজ্জামান কাজল, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, অ্যাডভোকেট মো. মাহবুবার রহমান তালুকদার, মহাসচিব কাজী শফিকুল আযম, বিভিন্ন বিভাগের পরিচালক, আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, জার্মান রেড ক্রসের অ্যাকটিং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আনা মেরিকুইনা, গ্রিন রেসপন্স ফোকাল মো. শাহজাহান সাজু, সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও যুব স্বেচ্ছাসেবকরা। সার্বিক সহায়তায় ছিল সুইডিশ রেড ক্রস ও জার্মান রেড ক্রস।