প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৫:২৫ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪ ১৬:০০ পিএম
আহত এসআই মো. মোজাহিদ। প্রবা ফটো
ট্রান্সজেন্ডারদের হামলায় একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন রমনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোজাহিদ। শনিবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর পরিবাগ এলাকায় তার ওপর হামলা হয়।
রবিবার (২ জুন) দুপুরে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন। এ সময় ট্রান্সজেন্ডারদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ উপস্থিতি হলে তারা পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একটি ইট মোজাহিদের চোখে আঘাত করে। এতে তার একটি চোখে মারাত্মক জখম হয়।
ওসি উৎপল বড়ুয়া বলেন, ট্রান্সজেন্ডাররা প্রায়ই রিকশা থেকে ছিনতাই এবং অনৈতিক কাজে জড়াচ্ছে। এমন অভিযোগে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে ট্রান্সজেন্ডাররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায়। তিনি মুখের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।
তিনি আরও বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে। এ ঘটনায় জড়িত তিন ট্রান্সজেন্ডারকে আটক করা হয়েছে।