প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ২১:১০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ২২:৩৮ পিএম
প্রবা ফটো
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়েছে ভারতীয় হ্যাকাররা। ভারতীয় একটি সংবাদপত্রে প্রকাশিত এ খবর সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এক খুদেবার্তায় বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, ‘একটি ভারতীয় সংবাদপত্র নতুন করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার খবর প্রকাশ করেছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এটি ভুল সংবাদ। বর্তমানে রিজার্ভ ব্যাংক ফেডের সঙ্গে আমাদের তিন স্তরের কনফার্মেশন পলিসি রয়েছে। যার মাধ্যমে নিয়মিত লেনদেন তদারকি করা হয়।’
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমে খুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি হয়েছে। যার জন্য ভারতীয় হ্যাকারদের সন্দেহ করা হচ্ছে। উভয় দেশের গোয়েন্দা সংস্থা এ ঘটনার গোপন তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পত্রিকাটি। খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অন্তত তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।