× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছরে রেকর্ড ডলার সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৯:০৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ২০:৩৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাজার স্থিতিশীল রাখতে ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন (৭৬২ কোটি) ডলার অর্থ সহায়তা করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা এযাবৎকালের সর্বোচ্চ সহায়তা। ফলে দেখা যাচ্ছে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ক্রমাগত কমছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডলার নিয়ে কারসাজি করার অপরাধে পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ৪২টিকে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে ৩০ জুন শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে রিজার্ভ থেকে ৭৬২ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে ৭০ হাজার কোটি টাকার মতো তুলে নেওয়া হয়। অথচ তার আগের অর্থবছরে (২০২০-২১) বাজারে ডলারের সরবরাহ বাড়ায় দর ধরে রাখতে রেকর্ড ৮০০ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।

আমদানি ব্যয় বৃদ্ধি ও প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে যাওয়ায় বর্তমানে দেশে মার্কিন ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। রপ্তানি আয় বাড়লেও ডলারের সংকট মেটানো যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত বেড়েছে ডলারের দাম। এ জন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়িয়েছে। এরপরও কিছুতেই বাগে আসছে না ডলারের তেজী ভাব।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বাজারে ডলারের চাহিদার জোগান দিতে মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজার দর ৯৪ টাকা ৭০ পয়সায় ৭ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। এর আগের দিন সোমবার বিক্রি করা হয় ৫ কোটি ডলার। মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে।

মানি এক্সচেঞ্জগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংকগুলোতে এখন আমদানির জন্য ১০০ টাকার নিচে ডলার পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ১০৭ থেকে ১০৯ টাকায় ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে। রেমিট্যান্সের জন্যও ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার কিনতে হচ্ছে।

মঙ্গলবার খোলাবাজারে ১০৯ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে ডলার। দেশে খোলাবাজারে প্রথমবারের মতো ডলারের দাম ১০০ টাকার ঘর পেরিয়ে যায় গত ১৭ মে। এরপর আবার কমে আসে। পরে গত ১৭ জুলাই আবার ১০০ টাকা অতিক্রম করে। গত সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম ১১২ টাকায় উঠেছিল।

প্রবা/এনএস/জেআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা