প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৭:০২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৭:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
চলতি মাসে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
বুধবার, এক বিজ্ঞপ্তিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের ১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী ভোক্তাসাধারণ চিনি, মসুর ডাল, সয়াবিন তেল কিনতে পারবেন। আর এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালিত হবে।
পণ্য বিক্রির এ কার্যক্রমে একজন ভোক্তা ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, মসুর ডাল ৬৫ টাকা দরে ২ কেজি আর সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ কেজি কিনতে পারবেন। টিসিবির দেশব্যাপী পণ্য বিক্রির এ কার্যক্রম সোমবার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কার্যালয়ের পাশে এজিবি কলোনির কাঁচাবাজার সংলগ্ন স্থানে উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।