চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ২১:৫৫ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২০:০৮ পিএম
প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির উদ্বোধন হয়েছে। প্রবা ফটো
রমজান উপলক্ষে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী মূল্যে বাজার কর্মসূচির ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গা। জেলার পুনাকের নিজস্ব অর্থায়ন এবং জেলা পুলিশের সিনিয়র অফিসারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রান্তিক নারীরা চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, বেসন ও খেজুরসহ মোট ১০টি প্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করার সুযোগ পাচ্ছেন। এসব পণ্য চলতি বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে সংগ্রহ করতে পারবেন প্রান্তিক নারীরা।
রবিবার (১৭ মার্চ) জেলার পুলিশ লাইনসের সামনে পুলিশ ফুড পার্ক চত্বরে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার এবং চুয়াডাঙ্গা পুনাকের প্রধান উপদেষ্টা আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। কর্মসূচিটির সার্বিক সমন্বয় করছেন চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস।
পুলিশ সুপার বলেন, আর্থিকভাবে অসচ্ছল অনেক মানুষই বিনামূল্যে পণ্য নিতে সম্মানিত বোধ করেন না। তাই পুনাক ও জেলা পুলিশের অফিসারদের সমন্বিত অংশগ্রহণে সাশ্রয়ী মূল্যের এই বাজার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রমজানে প্রান্তিক নারীদের সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করতে পেরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও পুনাক পরিবার স্বাচ্ছন্দ্য বোধ করছে। সপ্তাহব্যাপী কর্মসূচিটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা অবধি চালু থাকবে।
পুনাক সভানেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজন না করে চুয়াডাঙ্গা পুনাক জেলার প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কাজের ব্যাপ্তি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী কিনতে পেরে তারা অনেক খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা।
সপ্তাহব্যাপী শতাধিক প্রান্তিক নারী ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন। এতে ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসন ও ৮৫ টাকা কেজি দরে খেঁজুর কিনতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাকের সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা পুনাকের কোষাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারা।