প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ০০:৪৮ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১০:৫০ এএম
সবার সামর্থ্য অনুসারে অসাধারণভাবে কাজ করার মাধ্যমে কর্তৃপক্ষের লক্ষ্য অর্জন করার আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নবনিযুক্ত চেয়ারম্যান জাকারিয়া।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিএফএসএ’র প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘খাদ্যশস্যের পরিমাণগত (কোয়ান্টিটি) অর্জন আমরা করেছি। গুণগতমান (কোয়ালিটি) অর্জনের জন্যই মূলত এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।’
তিনি বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নতুন প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থাকবে। সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের চেষ্টা করা হবে।’
কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো সংস্কার, পদসৃজন, আইন সংশোধন, সিপিএফ-জিপিএফ চালুসহ বিভিন্ন বিষয় একাগ্রতার সঙ্গে সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের সময়নিষ্ঠতা বজায় রাখার জন্য, সামর্থ্য অনুসারে অসাধারণভাবে কাজ করার এবং নিয়মবহির্ভূত কোনো কাজ না করার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া সবাইকে সামনে নিয়ে তিনি এ প্রতিষ্ঠান গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএফএসএ সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আখতার মামুন।
মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামান, নাজমা বেগম, ড. মোহাম্মদ মোস্তফা ও প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব।
এ ছাড়া কর্তৃপক্ষের পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।