প্রবা প্রদিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৮:০৭ পিএম
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বাজারে প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে। ক্যাপাসিটির বেশি অবৈধ মজুদ করলে কোনো ছাড় দেওয়া হবে না।’
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে দেশের ছয়টি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মিলারদের সঙ্গে বৈঠকে বসেছিলাম, তারা বলেছে কর্পোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে ধান কিনছে এবং মজুদও করছে। কর্পোরেট প্রতিষ্ঠান মোটা চালের ব্যবসা না করলে আমাদের সঙ্গে বসার প্রয়োজন ছিল না। মিলাররা আপনাদের দিকে আঙুল তোলে। মিডিয়াও দোষারোপ করে। আমরা প্রকৃত চিত্র জানতে চাই।’
তিনি আরও বলেন, ‘কর্পোরেট প্রতিষ্ঠান ভ্যালু অ্যাড করে বাজারে পণ্য বিক্রি করে। সেকারণে তারা বেশি দামে বাজার থেকে ধান কেনায় ব্যস্ত হয়ে পড়ে। বাজার থেকে অল্প পরিমাণ ধান কিনলেও তার প্রভাব পড়ে খুব বেশি। তখন অন্যরাও বেশি দামে ধান কিনতে বাধ্য হয়। এটা বাজারের জন্য অশুভ।’
বাজারের নানা ব্র্যান্ডের চাল নিয়ে সাধন চন্দ্র বলেন, ‘বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারে চাল পাওয়া যাচ্ছে, যেগুলোতে এমআরপি লেখা থাকে। আমরা চাই পাশাপাশি মিলগেটে দামও লেখা থাকুক। বস্তায় মিল গেটের দাম লেখা থাকলে হঠাৎ করে কিংবা অযৌক্তিকভাবে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারবে না।’
সভায় খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, ‘প্রতিযোগিতামূলকভাবে বাজারে কেউ ধান চাল কিনছে কি না বা অবৈধ মজুদ করছে কি না তা নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ ক্যাপাসিটির বাইরে মজুদ করার চেষ্টা করলে প্রয়োজনে মজুদ ক্যাপাসিটি রিভিউ করব।’
সিটি গ্রুপ, স্কয়ার গ্রুপ, প্রাণ আরএফএল, মেঘনা গ্রুপ, এসিআই ও আকিজ অ্যাসেনশিয়ালের প্রতিনিধিরা সভায় অংশ নেন। এ সময় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিরা মিলগেটে বস্তায় মূল্য লেখার বিষয়ে সম্মতি জানান। প্রতিষ্ঠানগুলো তাদের ক্যাপাসিটি ও ক্রয়-বিক্রয়ের চিত্র তুলে ধরে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।