প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ২২:০২ পিএম
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু-চীন মৈত্রী প্রদশনী কেন্দ্র। ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে না। তবে আগামী ১৫ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা আয়োজনের পরিকল্পনা করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বিগত বছরগুলোতে ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে ২০২৪ সালের জন্য তা পিছিয়ে ১৫ জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা করেছে ইপিবি। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্য মতামত দিয়েছেন। নির্বাচনের কারণে মেলা পেছানো হচ্ছে, তবে জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।
ইপিবি সূত্রে জানা যায়, মেলার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে প্রধান ফটক, স্টল বরাদ্দ ও টিকিটিং বুথ নির্মাণসহ টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যে সব স্টল বরাদ্দ শেষ হবে। আর ইজারা সংক্রান্ত অন্য সব প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে ইপিবি।
গত দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালে তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। ১৯৯৫ সাল থেকে ঢাকায় এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মেলা শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে এই আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।
তবে ২০২১ সালে মহামারি করোনার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন হয়ে পূর্বাচলে চলে যায়। মেলার স্থায়ী ঠিকানা রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত।