× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএমইবান্ধব ইকো-সিস্টেম চাই ডিসিসিআই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২১:৩৪ পিএম

ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনার। প্রবা ফটো

ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনার। প্রবা ফটো

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত বাঁচলে দেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তার। শনিবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডিসিসিআই সভাপতি বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমইতে চাহিদার তুলনায় কম অর্থ দিচ্ছে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সামগ্রিকভাবে এ শিল্পে মোট জিডিপিতে ভালো অবস্থান রয়েছে। এসএমই খাত বাঁচলে দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে আমরা (উদ্যাক্তা ও ব্যবসায়ী) বাঁচব।’

তিনি বলেন, ‘অনেক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন করে থাকে। তবে চাহিদার তুলনায় খাতটি অনেক কম অর্থের জোগান পায়। সম্ভাবনা থাকার পরও বৈদেশিক বাণিজ্যের জন্য এসএমই খাতের উদ্যোক্তারা পর্যাপ্ত অর্থ পাচ্ছে না।’

এসএমই খাত দেশের শিল্পে কর্মসংস্থান এবং মূল্য সংযোজনে সবচেয়ে বেশি অবদান রাখে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে কাজ করছে। এসএমই দেশের জিডিপিতে ২৮ শতাংশ অবদান রাখে। খাতটি বেসরকারি খাতে ৯০ শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা করে। এটি দেশের দারিদ্র্য কমিয়ে জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা করছে।’

ডিসিসিআই সভাপতি বলেন, ‘অন্যান্য দেশের জিডিপিতে এসএমই খাত আমাদের চেয়ে অনেক বেশি অবদান রাখে। ইন্দোনেশিয়ায় মোট জিডিপির ৬১ শতাংশ, চীনে ৬০ শতাংশ, জাপানে ৫৫ শতাংশ, জার্মানিতে ৫৮ শতাংশ এবং ভিয়েতনামে ৪৫ শতাংশ এসএমই খাতের অবদান। আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জিডিপিতে এসএমইর অবদান বাড়াতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জিডিপিতে এসএমইদের অবদান প্রায় ৩০ শতাংশ, যদিও তারা নানামুখী প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে এবং এ সমস্যা নিরসনে আমাদের নীতিনির্ধারকদের নীতি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। এসএমইদের জামানতবিহীন ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে, তবে এ বিষয়ে তথ্যাদির যথাযথ প্রচার-প্রচারণার অভাবে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।’

তিনি ই-কমার্স এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে পণ্য বেচাকেনায় সুবিধা নিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তথ্য-প্রযুক্তিভিত্তিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন এবং এক্ষেত্রে সরকার প্রবর্তিত জয়িতা ফাউন্ডেশনের ব্যবহার করার আহ্বান জানান। 

কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস বলেন, বাংলাদেশের কারিগরি ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থা ও রপ্তানির উন্নয়নে কানাডা সরকার একযোগে কাজ করছে। বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনাময় দেশসমূহের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর তিনি জোর দেন। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি বলেন, এলডিসি পরবর্তী সময়ে আমাদের এসএমই খাতের উদ্যোক্তারা প্রধানত সক্ষমতার সীমাবদ্ধতা, আর্থিক ও নীতি সহায়তা, যথাযথ অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদের স্বল্পতার মুখোমুখি হবেন। এমতাবস্থায়, কার্যকর দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক ও নীতি সহায়তা প্রদান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইনের সংশোধন, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, অবকাঠামো খাতের টেকসই উন্নয়নসহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে মেগা প্রকল্পসমূহের কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা