× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১১:১৫ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২২:৫০ পিএম

চলমান ‘১১০৩’ ফেইজের কয়লার মজুদ শেষ হওয়ায় কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছে খনি কর্তৃপক্ষ। প্রবা ফটো

চলমান ‘১১০৩’ ফেইজের কয়লার মজুদ শেষ হওয়ায় কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছে খনি কর্তৃপক্ষ। প্রবা ফটো

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। খনির চলমান ‘১১১৩’ ফেজের কয়লার মজুদ শেষ হওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মজুদ শেষ হওয়ায় বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে ওই ফেজের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আবারও উৎপাদন স্বাভাবিক হবে।’

তবে এ সময়ের মধ্যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য যথেষ্ট কয়লা মজুদ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাধারণত একটি ফেজ শেষ হলে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনে দেড় থেকে দুই মাস সময় লাগে।

এদিকে ইতোমধ্যে নতুন করে ‘১৪১২’ ফেজ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। এ ফেজ থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যে কয়লা উত্তোলন সম্ভব হবে বলে আশাবাদী খনি কর্তৃপক্ষ।

খনি কর্তৃপক্ষ সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লাখনির বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ১১১৩ ফেজ থেকে চলতি বছরের ২৫ এপ্রিল কয়লা উত্তোলন শুরু হয়েছিল। সেখান থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয় এবং উৎপাদিত কয়লা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হয়। এই ফেজে মজুদ শেষ হয়ে যাওয়ার ফলে নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য বুধবার থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়েছে।

কয়লাখনির চলতি দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ১১১৩ ফেজের কয়লা মজুদ শেষ। তাই ১৪১২ নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য বুধবার সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়েছে। ১৪১২ ফেজে ওপেন আব কাট নির্মাণ, ১১১৩ ফেজ থেকে সব ইকুইপমেন্ট স্যালভেজ ও যথাযথ মেইনটেন্যান্স করে ১৪১২ ফেজে স্থাপন করা হবে। যা প্রায় দু মাস সময়ের প্রয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের শেষে নতুন ফেজ চালুর সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, ১৪১২ ফেজ থেকে আনুমানিক দুই লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে।

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, খনিতে কয়লার উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় তিনটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট দুটি বন্ধ রাখা হয়েছে। শুধু ৩ নম্বর ইউনিট চালু রেখে ১৮০-২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। এটি উৎপাদন রাখতে প্রতিদিন প্রায় ২ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন। এ পর্যন্ত পিডিপির কোল ইয়ার্ডে ১ লাখ ১০ হাজার টন কয়লা মজুদ আছে। যা দিয়ে আগামী অক্টোবর মাস পর্যন্ত তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিট উৎপাদন চালু রাখতে হবে। তবে, নভেম্বর মাসে কয়লা উত্তোলন সম্ভব না হলে জ্বালানির অভাবে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেলে পুরো উত্তরাঞ্চলে বিদ্যুতের ঘাটতি দেখা দিবে। 

প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক আরও বলেন, রংপুর বিভাগে বিদ্যুতের চাহিদা রয়েছে এক হাজার মেগাওয়াট। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে মাত্র ১৮০ থেকে ২২০ মেগাওয়াট উৎপন্ন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। তাপ বিদ্যুৎকেন্দ্রে তিনটি ইউনিট চালু রাখতে গেলে প্রতিদিন ৪ হাজার ৮০০ মেট্রিক টন থেকে পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা