প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৮:১৩ পিএম
ফাইল ফটো
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত তালিকা তৈরি করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড। নির্বাচনী বোর্ডের চূড়ান্ত তালিকার তথ্য বলছে, দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক হতে আগ্রহী ২৩ জন প্রার্থী বাদে অন্যরা সরে যাওয়ায় চেম্বার গ্রুপের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩ পদের বিপরীতে ৪৯ জন প্রার্থী থাকায় এ গ্রুপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআইয়ের পর্ষদে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে পরিচালক থাকেন। এর বাইরে সরকার মনোনীত ৩২ জনসহ মোট ৭৮ জন ব্যবসায়ী বর্তমান পর্ষদের নেতৃত্বে রয়েছেন।
এবারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল রয়েছে। ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এরপর ২ আগস্ট সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয়জন সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআইয়ের এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এ মতিন চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামসুল আলম এবং অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।