প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২০:৪২ পিএম
ছবি : সংগৃহীত
গত বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ দেবে না পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য মতে, পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত বিনিয়োগকারী সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট। আগের হিসাব বছরে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এ ছাড়াও পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) হিসাব প্রকাশ করেছে। প্রদত্ত হিসাব অনুযায়ী, ৩১ মার্চ শেষ লাইফ ফান্ডের আকার দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৭৯ লাখ টাকা; যা আগের বছর একই সময়ে ছিল ১৩ কোটি ১৭ লাখ টাকা। আর প্রথম প্রান্তিকে নিট প্রিমিয়াম হিসেবে সংগ্রহ করা হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা।