প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ২০:৪১ পিএম
প্রবা ফটো
আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ নামে গঠিত পুনঃ অর্থায়ন স্কিমের তহবিল ৪০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের স্বল্প সুদ/মুনাফায় ডিজিটাল ক্ষুদ্রঋণ/বিনিয়োগ প্রদান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ইতঃপূর্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০ কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়। তবে ডিজিটাল ক্ষুদ্রঋণের ক্রমবর্ধমান চাহিদা, আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহিত করার মাধ্যমে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ওই তহবিলের পরিমাণ বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হলো।
উল্লেখ্য এর আগে ২০২২ সালে ডিজিটাল ক্ষুদ্রঋণ তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। তহবিল থেকে গ্রাহকরা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন। এই ঋণের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস। এই তহবিল থেকে ডিজিটাল মাধ্যম (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ই-ওয়ালেট ইত্যাদি) ব্যবহার করে তফসিলি ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে।