× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৪:১২ পিএম

ঠাকুরগাঁওয়ের রেশম কারখানার একাংশ। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ের রেশম কারখানার একাংশ। প্রবা ফটো

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস ১৯৭৫-৭৬ সালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর বিসিক শিল্পনগরী এলাকায় ৩ দশমিক ৩৪ একর জমির ওপর স্থাপন করে ঠাকুরগাঁও রেশম কারখানা। পরবর্তীতে লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ১৯৮১ সালে কারখানাটি রেশম বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকেই দুর্বল হতে থাকে কারখানাটি। ২০০২ সালে লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। ফলে সে সময় কারখানাটির ১৩৪ জন শ্রমিক ও প্রায় ১০ হাজার রেশমচাষি বেকার হয়ে পড়েন।

১৯৯৬ থেকে ১৯৯৯ সালে ১৬৩ দশমকি ৫৪ লাখ টাকা ব্যয়ে বিএমআরই প্রকল্পের অধীন কারখানাটির ভবন বর্ধিতকরণসহ অতিরিক্ত ২০টি শক্তিচালিত তাঁত ও কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি সংস্থাপিত হয়। কিন্তু আবর্তক তহবিলের অভাবসহ নানাবিধ সমস্যায় কারখানাটি পরিচালনা করা সম্ভব হয়নি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ২০ বছর পর চালু হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি। কারখানাটি আবার চালু হওয়ার মাধ্যমে রেশমশিল্পে সুদিন ফিরবে বলে আশা করছে খাতসংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রমিকরা। 

এদিকে মূলধন না থাকায় কারখানাটি পরিচালনার যাবতীয় অর্থ বোর্ডের উন্নয়ন তহবিল থেকে ঋণ হিসাবে প্রদান করা হয়েছে।

কারখানাটিতে দীর্ঘদিন কাজ করে আসা জুলেখা বেগম বলেন, শুরু থেকে এই রেশম কারখানায় আমি কাজ করেছি। আমি সব কাজ জানি। আশা করছি পুরোনো কর্মীদের নিয়ে কাজ করবে কর্তৃপক্ষ। ২০০২ সালে কোম্পানি বন্ধ হওয়ার পর থেকে আমি বেকার। কারখানাটি চালু হলে কর্মসংস্থান ফিরে পাব বলে আশা করছি।

কারখানার আরেক শ্রমিক আসমা বেগম বলেন, যখন কারখানাটি চালু হয়, তখন আমি শ্রমিক হিসেবে কাজ করছিলাম। বন্ধ হওয়ার পর আমার মতো অনেকে বেকার হয়ে পড়েন। এখন আমাদের বয়স হয়েছে, কাজ করতে পারব কি না জানি না। তবে এটা চালু হবে শুনে ভালো লাগল। অনেক মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 

এ বিষয়ে রেশমশ্রমিক আকাশ আলী বলেন, এই রেশম কারখানায় আমি শ্রমিক ছিলাম। অনেক দিন বেতন পাইনি। ২০০২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর আমি রিকশা চালানো শুরু করি। শুনলাম এটা আবার চালু হচ্ছে। আমিসহ অনেক শ্রমিক আরডিআরএসে আন্দোলন করে ১৯৮১ সালে সরকারিভাবে জাতীয়করণ করি। মাঝে কিছু অনিয়মের কারণে অস্থায়ীভাবে কারখানাটি বন্ধ ছিল। পরবর্তীতে সরকার জাতীয়করণ করলেও ২০০২ সালে বন্ধ হয়ে যায়। এখন আবারও নতুন করে চালু হবে শুনে আমরা সবাই আনন্দিত।

এ বিষয়ে কারখানাটি লিজ নেওয়া সুপ্রিয় এন্টারপ্রাইজের জিএম মেহেদী হাসান বলেন, ‘গত মে মাসে আমরা এই রেশম কারখানা লিজ নিয়েছি। চলতি মাসের মধ্যেই কারখানাটি আমরা চালু করতে পারব বলে আশা করি। কারখানাটি চালু হলে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থান হবে।’ 

রংপুর অঞ্চলের উৎপাদন কর্মকতা আবুল কালাম আজাদ বলেন, ‘পাঁচ বছরের জন্য সুপ্রিয় এন্টারপ্রাইজকে ৮ লাখ ১০ হাজার টাকা চুক্তিতে কারখানাটি দেওয়া হয়েছে। তারা শুধু বিল্ডিং এবং যন্ত্রগুলো ব্যবহার করতে পারবে।’

জেলার অর্থনীতিতে রেশম কারখানা ভূমিকা রাখবে উল্লেখ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘রেশম কারখানার কর্মকতারা এসেছিলেন। তারা আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। কারখানাটি চালুর বিষয়ে আমি অবগত আছি। কারখানা চালু হলে জেলার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা