প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৮:৫৪ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৭:৩১ পিএম
প্রবা ফটো
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার ঘর। এর আগে গত ১১ জুন ডিএসইতে সবশেষ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩০ কোটি টাকা। আর সোমবার ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৮৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৬৪ কোটি টাকা বেশি। এই লেনদেন গত এক মাসের মধ্যেও সর্বোচ্চ। এর আগে ৬ জুন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬ কোটি টাকা। এর মধ্যে ২৯২ কোটি ৫৩ লাখ টাকা বা ২৬ শতাংশের বেশি লেনদেন হয়েছে মাত্র পাঁচটি কোম্পানির শেয়ার লেনদেনে।
এদিকে সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে। আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে ডিএসইএক্স দাঁড়ায় ৬ হাজার ৩২৫ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত ছিল ১৭৯টির।
লেনদেনে শীর্ষে ছিল ফু ওয়াং ফুড লিমিটেড। এ কোম্পানিটির ৯৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭৬ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা লুব-রেফ বাংলাদেশ ৩৪ কোটি ৭৪ লাখ টাকা, সি পার্ল বিচ রিসোর্টের ২৮ কোটি ৩৪ লাখ টাকা এবং জেনারেশন নেক্সট ফ্যাশনের ২৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের দর বেড়েছে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ। এ ছাড়া সি পার্ল বিচ রিসোর্টের ৫ দশমিক ৭৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫ দশমিক শূন্য ৭ এবং হাইডেলবার্গ সিমেন্টের ৪ দশমিক ৮৯ শতাংশ দর বেড়েছে।
দরপতনের শীর্ষে ছিল অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৯ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডায়িংয়ের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া সোনালি লাইফ ইনস্যুরেন্সের ৭ দশমিক ১২ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬ দশমিক ৯৯ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৮৪ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২১৭টি কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৭৮টির। সিএসইতে মোট লেনদেন হয় ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।