প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২০:০৬ পিএম
ছবি: সংগৃহীত
নেতৃত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। আহমেদাবাদে আয়োজিত জি-২০ বৈঠকে যোগ দেবেন তিনি। রাজ্যটিতে আগামী জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে জোটটির চারটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত থাকবেন জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা।
বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়া ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি অজয় বাঙ্গা। একই সঙ্গে তিনি দুটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নেতৃত্ব দিচ্ছেন।
ভারত এবারের জি-২০ বৈঠকের সভাপতিত্ব করছে। আহমেদাবাদে জোটটির সভায় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধিদের অর্থনৈতিক ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং নীতি সুপারিশগুলো বিনিময় করার সুযোগ থাকবে।
জি-২০ জোটের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সমষ্টিগতভাবে জি২০ সদস্য দেশগুলো বিশ্বব্যাপী জিডিপির ৮৫ শতাংশ, আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। সূত্র : এবিপিলাইভ.কম