প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৯:১৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ২০:১২ পিএম
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর। প্রবা ফটো
দীর্ঘ তিন বছর পর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে অবশেষে ভারতের মেঘালয় রাজ্যের ডালু ইমিগ্রেশন হয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেন নাকুগাঁও বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন অফিস জানায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে বিগত ২০২০ সালের ১৮ মার্চ মাসে নাকুগাও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার এবং সকল প্রকার পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। এরপর ভারত থেকে পাথর ও কয়লা আমদানি শুরু হলেও বন্ধই থেকে যায় যাত্রী পারাপার।
পরে দীর্ঘ ৩ বছর পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত ৫ জন বাংলাদেশী এবং ৫ জন ভারতীয় নাগরিক শেরপুরের নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে পারাপার হয়েছেন। এদিকে ৩ বছর পর নাকুগাঁও স্থলবন্দরের ইমিগ্রেশন খুলে দেওয়ায় খুশি ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা।
এবিষয়ে নাকুগাঁও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই হানিফ উদ্দিন বলেন, আজ দীর্ঘ ৩ বছর পর আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হলো। এই ইমিগ্রেশন ব্যবহারের ফলে বিপুল পরিমান রাজস্ব পাবে সরকার।