প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৯:৩৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩ ১৯:৪২ পিএম
ছবি : সংগৃহীত
উচ্চ মূল্যস্ফীতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে এক বছর ধরে ব্যাংকঋণে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার ব্যাংকঋণে সুদের হার না বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংকঋণে সুদের হার বাড়ানোর মানদণ্ডের লক্ষ্যমাত্রা ৫ থেকে ৫ দশমিক ২৫ শতাংশের মধ্যে রেখেছিল। ফলে এখন পর্যন্ত তারা এ হার বৃদ্ধির প্রভাব মূল্যায়নের জন্য সময় চেয়েছে।
এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ২০২২ সালের মার্চ থেকে ১০ বার সুদের হার বাড়িয়েছে ফেড। তবে ব্যাংকের পূর্বাভাস দেখায়, বেশিরভাগ কর্মকর্তা ধারণা করছেন সামনে সুদের হার আরও বাড়বে। তারা বলছে, চলতি বছরের শেষে ফেডের সুদহার ৫ দশমিক ৫ শতাংশের ওপরে দাঁড়াবে। এটি ৬ শতাংশ পর্যন্তও উঠতে পারে বলে অনেকে ধারণা করছেন।
ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, ’যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে যেভাবে পণ্যের দাম বেড়েছিল তা অনেকটাই কমে গিয়েছে। তবে মূল্যস্ফীতি যে কমেছে তার গ্রহণযোগ্য প্রমাণের জন্য এখনও ফেড অপেক্ষা করছে।’
তিনি আরও বলেন, ’শুধু আর্থিক অবস্থার অগ্রগতি হলেই হবে না, একই সঙ্গে এটি ধরে রাখতে হবে।’
গত মে মাস পর্যন্ত ১২ মাসে ভোক্তাপণ্যের দাম বেড়েছে ৪ শতাংশ। এক মাস আগেও তা বেড়ে শূন্য দশমিক ১ শতাংশ হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। এ ছাড়াও খাদ্য ও জ্বালানির বাইরেও অনেক পণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে ইতোমধ্যেই ফেড ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ স্তরে সুদের হার নিয়ে গেছে। তবে সুদের হার ২ শতাংশের বেশি হলেও এটিকে এখনও নিয়ন্ত্রিত মনে করছে ব্যাংকগুলো।
সূত্র : বিবিসি