সোহেল চৌধুরী
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:১১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:১৮ পিএম
নিত্যপণ্যের বাজার অস্থির করে তোলার অভিযোগে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
প্রতিষ্ঠানগুলো হলো--ইউনিলিভার, সিটি গ্রুপ, কাজী ফার্ম গ্রুপ, রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্ট, বেলকন গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, প্যারাগন পোল্ট্রি এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী আড়তদার বহুমুখী সমবায় সমিতি।
কমিশন বলছে, বর্তমানে দেশের বাজারে চাল, আটা-ময়দা, ডিম, বয়লার মুরগি, টয়লেট্রিজ যেমন--সাবান, সুগন্ধি সাবান, গুঁড়া সাবান ইত্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকটের ফলে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দূরীকরণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্ব-প্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।
আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর অভিযুক্ত এসব প্রতিষ্ঠানকে শুনানির জন্য ডাকা হয়েছে। এ ছাড়া আরও কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্ব-প্রণোদিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
প্রবা/আরএম/জেআই